ভালুকায় ভ্রাম্যমাণ আদালতে ব্যাটারি ব্রেকিং কারখানাকে নয় লাখ টাকা জরিমানা
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পুরাতন ব্যাটারি ব্রেকিং কারখানা পরিচালনার দায়ে এক শিল্পপ্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া সংলগ্ন ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সটেনশনে এ অভিযান পরিচালনা করেন ভালুকার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন। এ সময় কারখানার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি পূর্বে মুচলেকা দিয়ে কারখানা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলেও শর্ত ভঙ্গ করে আবারও কার্যক্রম শুরু করায় সর্বোচ্চ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন বলেন,
“জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে আমরা এ ধরনের অভিযান চালাচ্ছি। নিয়ম-নীতির বাইরে গিয়ে কেউ পরিবেশের ক্ষতি করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।”
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,”পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ধরনের কার্যক্রম কোনভাবেই মেনে নেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































